ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, "একটি মানবিক রাষ্ট্র গড়ার প্রধান শর্ত হলো আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা। ন্যায়বিচার সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।"
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আর্থিক অসচ্ছলতা যেন বিচার পাওয়ার পথে বাধা না হয়ে দাঁড়ায়। সরকার প্রতিটি নাগরিকের ‘অ্যাক্সেস টু জাস্টিস’ বা ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "টাকার অভাবে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্যই আমাদের লিগ্যাল এইড কর্মসূচিকে আরও শক্তিশালী করা হচ্ছে। আমরা চাই ন্যায়বিচার কেবল আইনের বইয়ে সীমাবদ্ধ না থেকে প্রতিটি মানুষের জীবনে বাস্তব রূপ পাক।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে দেশের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments