ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত এই হাসপাতালে মোট ২০ জন শিশুর মৃত্যু হলো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। বর্তমানে হাসপাতালে মোট ৭৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মমেক হাসপাতালে মোট ৯২৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ২০ জন শিশু প্রাণ হারিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী এক শিশু রয়েছে। সে গত ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়ে সোমবার সন্ধ্যায় মারা যায়। একই সময়ে মারা গেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী এক কন্যা শিশু, যে গত ২৩ এপ্রিল ভর্তি হয়েছিল। এছাড়া নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী এক ছেলে শিশু চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে গত ২০ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সংকটাপন্ন অবস্থায় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান বলেন, ‘শয্যা ও জনবল সংকটের মধ্যেও আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। আমাদের হাসপাতালে কয়েকটি আইসিইউ (ICU) বেড থাকলে মৃত্যুর হার আরও কমিয়ে আনা সম্ভব হতো। এই পরিস্থিতিতে শিশুদের রক্ষায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত জরুরি।’
মানবকণ্ঠ/ডিআর




Comments