Image description

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া সাফ জানিয়ে দিয়েছেন যে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ আইনগত অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর নীতিকে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে নেবেনজিয়া বলেন, বর্তমানে সব দোষ ইরানের ওপর চাপানোর একটি একতরফা চেষ্টা চলছে। অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যুদ্ধের সময় বা নিরাপত্তার স্বার্থে কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকলে তারা নিজেদের জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার অধিকার রাখে। ইরানও ঠিক সেই কাজটিই করছে।

পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনা করে রুশ রাষ্ট্রদূত বলেন, যখন কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালায়, তখন পশ্চিমারা তাকে সমর্থন দেয়। এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি পশ্চিমাদের আচরণকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে বলেন, “জলদস্যুরা সাধারণত কঙ্কাল আঁকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, কিন্তু পশ্চিমা দেশগুলো তাদের বেআইনি কর্মকাণ্ডকে ‘নিষেধাজ্ঞার’ আড়ালে লুকিয়ে পরিচালনা করছে।”

নেবেনজিয়ার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালি নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। রাশিয়া মনে করে, এই কৌশলগত জলপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তাদের জাতীয় নিরাপত্তার অংশ।

সূত্র: আল-জাজিরা

মানবকণ্ঠ/আরআই