মুন্সীগঞ্জে ফ্ল্যাট ভাড়া করে দেহব্যবসা ও প্রতারণা, ৯ নারীসহ আটক ১০
মুন্সীগঞ্জ শহরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ ও প্রতারক চক্রের ৯ নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের উত্তর কোটগাঁও এলাকার কাউসার হোসেন মোল্লার মালিকানাধীন ‘মোল্লা কুটির’ থেকে তাঁদের আটক করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন— সীমা বেগম (৪৫), শিউলি বেগম (৪৫), আয়েশা মনি (২১), আঁখি (৩৮), তানিয়া আক্তার (৩৫), কবিতা আক্তার (৩২), আঁখি বেগম (৩৫), মোসা. শারমিন (৩৫), মোসা. রত্না (২৪) এবং খদ্দের হেলাল খান (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কোটগাঁও এলাকার ওই ফ্ল্যাটটিতে দীর্ঘদিন ধরে গোপনে অসামাজিক কার্যক্রম ও খদ্দেরদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আসছিল। এরই ভিত্তিতে সোমবার বিকেলে সদর থানা পুলিশের একটি বিশেষ দল স্থানীয়দের সহযোগিতায় সেখানে অভিযান চালায়। অভিযানে ৯ জন নারী ও ১ জন পুরুষকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে দুজন মূল হোতা স্বীকার করেছেন যে, তাঁরা মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে দেহব্যবসা পরিচালনা করে আসছিলেন। মোবাইল ফোনের মাধ্যমে তাঁরা খদ্দেরদের সাথে যোগাযোগ করে বাসায় ডেকে আনতেন। তাঁদের প্রধান লক্ষ্য ছিল বিদেশফেরত ব্যক্তিরা। অনেক সময় খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে এবং জিম্মি করে তাঁদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনাও তদন্তে উঠে এসেছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments