Image description

প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের আগামী তিন মাস নিরবচ্ছিন্নভাবে বিশেষ সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই মানবিক ও জরুরি পদক্ষেপের কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, "তিনদিন আগে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই আমরা স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছিলাম। 

অতিবৃষ্টির ফলে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, বুধবার সকালে সংসদে আসার আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে বর্তমান সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে বিস্তারিত কথা বলেছেন।

সংসদ নেতা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। 

ময়মনসিংহসহ তিনটি নির্দিষ্ট জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সঠিক তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্তদের কাছে নিরবচ্ছিন্ন সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে তিনি পুনরায় আশ্বস্ত করেন।

মানবকণ্ঠ/আরআই