রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামে এক চোখবিশিষ্ট একটি বাছুরের জন্মের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দা শ্রী বিষ্ণু দাসের একটি গাভী এই অস্বাভাবিক বাছুরটির জন্ম দেয়। জন্মের পরপরই বাছুরটির গঠন দেখে আশপাশের মানুষ বিস্মিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাছুরটির শরীরের অন্যান্য অংশ স্বাভাবিক থাকলেও মাথার মাঝখানে ছিল মাত্র একটি চোখ, যা বিরল জন্মগত ত্রুটির উদাহরণ। জন্মের কিছুক্ষণের মধ্যেই বাছুরটির নাড়ি কেটে দেওয়ার পর সেটি মারা যায়।
এ ঘটনায় বাছুরটির মালিকসহ স্থানীয়দের মধ্যে দুঃখের ছায়া নেমে আসে। একই সঙ্গে ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকে বাছুরটি দেখতে ভিড় করেন।
স্থানীয়দের ধারণা, এটি ভ্রূণের বিকাশজনিত সমস্যার কারণে সৃষ্টি হওয়া একটি বিরল জন্মগত ত্রুটি। কারও কারও মতে, এ ধরনের ঘটনা খুব কম হলেও মাঝে মধ্যে দেখা যায়।
এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, এটা মূলত; জন্মগত ত্রুটি। এর বিশেষ কোন কারণ নেই। এর আগে তিন পা বিশিষ্ট বাছুর দেখেছি , এক কান বিশিষ্ট দেখেছি কিন্তু এক চোখ বিশিষ্ট আমার চাকুরি জীবনে প্রথম শুনেছি। এটা যে কোন কারণে হতে পারে, নির্দিষ্ট কোন কারণ নেই ।




Comments