Image description

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে আনুষ্ঠানিকভাবে মরদেহ শনাক্তের বিষয়টি জানানো হয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, বৃষ্টির পরিবার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে।

নিহত নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল তারা রহস্যজনকভাবে নিখোঁজ হন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ নামে এক মার্কিন নাগরিককে সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল ব্রিজের দক্ষিণ পাশে একটি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে নিখোঁজ হওয়ার দিন বৃষ্টির পরনে যে বিশেষ ধরনের পোশাক ছিল, উদ্ধারকৃত মরদেহের পোশাকের সঙ্গে তার হুবহু মিল পাওয়া যায়। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে মরদেহটি বৃষ্টির।

এদিকে, আগে উদ্ধার হওয়া অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ শনিবার (২ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। মরদেহটি দুবাই হয়ে আগামী সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মেধাবী এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটি ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর