সরকারি কাজে দক্ষতা বৃদ্ধি ও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন সরকারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত ঐতিহাসিক ‘সিভিল সার্ভিসেস একাডেমি’তে এই ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।
প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব। বাকি ১১ জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা হলেন; বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. আবু রায়হান মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের মো. ফিরোজ আহমেদ ও মো. মনিরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. তৌফিক ইমাম ও মো. রায়হান আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ.এফ.এম. এহতেশামুল হক, স্থানীয় সরকার বিভাগের মো. শামসুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. মুহাম্মদ আব্দুস সালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ড. মো. জিল্লুর রহমান এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস জিয়া আহমেদ সুমন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার পাকিস্তান সরকার বহন করবে। ফলে বাংলাদেশ সরকারকে এই সফরের জন্য কোনো প্রকার আর্থিক দায়ভার গ্রহণ করতে হবে না।
সফরের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে:
১. কর্মকর্তারা ৪ মে ২০২৬ তারিখ বা তার কাছাকাছি একটি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
২. এই প্রশিক্ষণের পুরো সময়কাল এবং যাতায়াতে ব্যয় হওয়া সময় ‘কর্মকালীন’ (অন ডিউটি) হিসেবে গণ্য হবে।
৩. সফররত কর্মকর্তারা তাদের নিয়মিত বেতন ও ভাতাদি স্থানীয় মুদ্রায় (বাংলাদেশি টাকায়) গ্রহণ করবেন।
৪. প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করবেন।




Comments