মুন্সিগঞ্জে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
মুন্সিগঞ্জের সদর উপজেলার আটপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের একটি প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শুক্রবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। অপর আসামি মো: ইদ্রিস চোকদার মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষ্মীপুর ফকিরা এলাকার মৃত আজাহার চোকদার এর ছেলে।
র্যাব-১০, সিপিসি-২ (শ্রীনগর ক্যাম্প) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জ সদর থানার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। মূর্তিসহ দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং এসময় তাদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি এবং প্রস্থ প্রায় ২৪ ইঞ্চি। প্রাচীন এই নিদর্শনের অবৈধ বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা বলে ধারণা করছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাচীন ও হস্তনির্মিত কষ্টি পাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। উদ্ধারকৃত এই মূর্তিটিও তারা বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
_____
এআর/এমকে




Comments