ঢাকায় কয়েক দিন ধরে বৃষ্টির দেখা মিললেও বাতাসের বিষাক্ত ধূলিকণা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানটি দখল করে আছে বাংলাদেশের রাজধানী। বৃষ্টির পর সাধারণত বায়ুমান উন্নত হওয়ার কথা থাকলেও এবার ঢাকার ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৪। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই তালিকায় ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এছাড়া ভারতের কলকাতা ও দিল্লি ১৩৭ স্কোর নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে চীনের সাংহাই (স্কোর ১২২)।
সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ১০০ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। বর্তমানে ঢাকার বাতাসের মান ১৫৪ হওয়ায় এটি সব নাগরিকের জন্যই স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর যখন অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায়, তখন শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ঘরের বাইরে যাওয়া ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার এবং দীর্ঘক্ষণ বাইরে থাকা পরিহার করার পরামর্শ দেওয়া হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments