Image description

হাওড় অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার বড় ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে এবং তাদের প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে ক্ষতির পরিমাণ অনুযায়ী আরও বেশি নগদ সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা কার্যক্রম আগামী তিন মাস পর্যন্ত চলমান থাকবে।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

সম্মেলনে জেলা প্রশাসকরা আলুর বাম্পার ফলন হওয়া সত্ত্বেও সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার অভাবে কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এর জবাবে কৃষিমন্ত্রী বলেন, আলুর বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর মাধ্যমে এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা করছে সরকার।

আসন্ন ঈদুল আজহা বা কুরবানির পশুর বাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী আশ্বস্ত করেন যে, দেশে কুরবানির পশুর কোনো ঘাটতি নেই। তবে অতিরিক্ত উদ্বৃত্তও নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার কোনো সম্ভাবনা নেই এবং দেশীয় পশু দিয়েই বাজারের চাহিদা মেটানো সম্ভব হবে। এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মানবকণ্ঠ/আরআই