Image description

দেশে চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসনে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের ভ্যাকসিনের একটি বড় চালান বাংলাদেশে পৌঁছেছে। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে এই টিকার চালান গ্রহণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই চালানে শুধু হাম ও রুবেলারই রয়েছে ১৫ লাখ ডোজ টিকা। এছাড়া ৯০ হাজার ডোজ টিটেনাসসহ বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড ভ্যাকসিনও দেশে পৌঁছেছে।

ভ্যাকসিন গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় নিয়মিত স্টকের টিকাগুলো জরুরি ভিত্তিতে বিশেষ ক্যাম্পেইনে ব্যবহার করা হয়েছিল, যার ফলে নিয়মিত কর্মসূচিতে কিছুটা সংকট দেখা দেয়। নতুন এই চালান সেই ঘাটতি পূরণ করবে।

মন্ত্রী আরও আশ্বস্ত করে বলেন, "সামনের দিনে আর কোনো ভ্যাকসিন সংকট থাকবে না। আগামী ১০ মের মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে।" নিয়মিত টিকাদান কর্মসূচি সচল রাখতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মানবকণ্ঠ/আরআই