জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়ল নৌপথেও। ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানোর রেশ কাটতে না কাটতেই এবার লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, লঞ্চের ভাড়া দূরত্বভেদে দুই স্তরে বাড়ানো হয়েছে। কম দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১৪ পয়সা করে ভাড়া বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসেবে কম দূরত্বে ভাড়ার হার ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।
এর আগে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সারাদেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ায় সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান। তবে দূরপাল্লা ও মহানগরে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রামে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ ও ৮ টাকাই বহাল রাখা হয়েছে।
সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বাস বা লঞ্চের এই বর্ধিত ভাড়া কোনোভাবেই সিএনজিচালিত যানবাহনের ক্ষেত্রে কার্যকর হবে না। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয়ের দোহাই দিয়ে দেশে জ্বালানির দাম বাড়ানোর পর ধারাবাহিকভাবে গণপরিবহনগুলোর ভাড়া পুনর্নির্ধারণ করা হচ্ছে।
হঠাৎ করে বাস ও লঞ্চের ভাড়া বেড়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে যাতায়াত খরচের এই বাড়তি চাপ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ভোগান্তি আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments