গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি পুলিশ কর্মকর্তাদের মনে করিয়ে দেন যে, ক্ষমতার পরিবর্তন ও পদের অস্থায়ীত্ব একটি ধ্রুব সত্য।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চিরস্থায়ী নই। এটি অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর সব দেশেও এটি প্রমাণিত। ঠিক একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্যই চিরস্থায়ী নয়।’ তিনি কর্মকর্তাদের এই বাস্তবতাকে অনুধাবন করে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক কাঠামোতে সরকার আসে এবং যায়, এটিই নিয়ম। প্রশাসনের কর্মকর্তাদেরও নির্দিষ্ট সময়ের পর দায়িত্ব হস্তান্তর করতে হয়। তাই পদের মোহে অন্ধ না হয়ে আইনি কাঠামোর মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা উচিত। কোনো পদই যেহেতু চিরস্থায়ী নয়, তাই কর্মজীবনের কাজের মাধ্যমেই জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে।
অনুষ্ঠানে পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পেশাদারিত্ব বজায় রাখা এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
মানবকণ্ঠ/আরআই




Comments