বাংলাদেশে যুক্তরাষ্ট্র ‘রেজিম চেঞ্জ’ (সরকার পরিবর্তন) করেছে এবং বর্তমানে তারাই ক্ষমতায় রয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, দেশের প্রকৃত ক্ষমতা এখন আর আমাদের হাতে নেই।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনসিপি সমর্থিত সংগঠন ‘ন্যাশনাল ওলামা এলায়েন্স’ শাপলা চত্বরের ঘটনার এক যুগ উপলক্ষে ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক এই আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
ফরহাদ মজহার ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, ‘আমরা হাসিনাকে উৎখাত করলেও ‘হাসিনাহীন হাসিনা ব্যবস্থা’ এখনও টিকিয়ে রেখেছি। আন্দোলনের মধ্য দিয়ে আমরা হাসিনাকে সরিয়েছি ঠিকই, কিন্তু জনগণের জন্য প্রকৃত গাঠনিক ক্ষমতা আমরা অর্জন করতে পারিনি।’
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে এবং তারাই এখন কার্যত ক্ষমতায়। ক্ষমতা আমাদের হাতে নেই। সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। বাইরে থেকে হিন্দুত্ববাদী শক্তির বড় হুমকি রয়েছে। এই কঠিন সময়ে আমাদের বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে ওলামা এলায়েন্সের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ২০১৩ সালের সেই রাতের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানবকণ্ঠ/আরআই




Comments