রাজধানী ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দিবাগত রাতের মধ্যে এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে প্রবল বৃষ্টি ও বজ্রপাত। বুধবার (১৩ মে) রাতে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ মে দিবাগত রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বার্তায় আরও জানানো হয়, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। হঠাৎ ধেয়ে আসা এই ঝড়ের কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments