খালকে ডাস্টবিন বানানোর মানসিকতা পরিহার করতে হবে: পরিকল্পনামন্ত্রী
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর পূর্ণ সুফল পেতে হলে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘খালকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করার মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া প্রকল্পের শতভাগ সুফল পাওয়া সম্ভব নয়।’
শনিবার (১৬ মে) বিকেলে নগরীর শুলকবহর এলাকায় মির্জা খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে তিনি প্রবর্তক মোড়সহ নগরের বিভিন্ন খালে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজও সরেজমিনে পরিদর্শন করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের ছোট-বড় ১৩০টি খালকে প্রকল্পের আওতায় এনে একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কাজ করা হচ্ছে। জোয়ার-ভাটার প্রভাব, অতিবৃষ্টির পরিমাণ ও স্লুইসগেট পরিচালনার মতো কারিগরি বিষয়গুলো মাথায় রেখেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। কাজ শেষ হলে চট্টগ্রামে আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থাকবে না।’
প্রকল্পের স্বচ্ছতা ও অর্থায়ন নিয়ে মন্ত্রী বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আর্থিক চাপ থাকলেও চট্টগ্রামের জন্য বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। তবে অতীতে এসব প্রকল্পে যদি কোনো লুটপাট হয়ে থাকে, তবে তা তদন্ত করে বের করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গত ২৮ এপ্রিলের ভারী বৃষ্টিতে চট্টগ্রামের জনজীবনে নেমে আসা দুর্ভোগের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, কিছু কাজ বর্ষার কারণে সাময়িকভাবে বন্ধ থাকলেও বর্ষা শেষে দ্রুতগতিতে শেষ করা হবে। তখন পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক বেশি কার্যকর হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান মো. নুরুল করিম এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, সম্প্রতি ভারি বৃষ্টিতে চট্টগ্রামের প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ জলজট সৃষ্টি হলে বিষয়টি জাতীয় সংসদে আলোচিত হয়। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে একযোগে এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম সফর করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments