Image description

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৫৪টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পাড়ি জমান। 

আজ রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এ ছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৪টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। 

মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন সৌদি আরব গিয়েছেন।

সৌদি আরবে গিয়ে আরও একজন হজযাত্রীর মৃত্যু হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। এলাকাভিত্তিক হিসেবে ১২ জন মক্কায় এবং ৪ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।