Image description

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার দুপুরে ভুক্তভোগী কলেজ ছাত্রীর মা মোসা. রিনা বেগম বাদী হয়ে একই ইউনিয়নের মো. মোস্তাফিজ খানের পুত্র রাব্বি (৩০) সহ  অজ্ঞাত দুই যুবকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কলেজ ছাত্রী ধানখালী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী  শিক্ষার্থী ও তার স্বজনরা জানায়, ওই শিক্ষার্থীর বাবা প্রায় দুই বছর আগে মারা যায়। জীবিকার উদ্দ্যেশে রাতে তার মা ও ভাই ওই শিক্ষার্থীকে ঘরে রেখে বাহির থেকে সামনের দরজায় তালা লাগিয়ে রেনু পোনা শিকারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী নদীতে যায়। রাত দেড়টার দিকে রাব্বি সহ অজ্ঞাত ২ যুবক সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে । ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।