যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শহরের খালধার রোড এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ মোস্তফা ফরিদকে আটক করার পর রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে বর্তমানে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মোস্তফা ফরিদের পরিবারের সদস্যদের দাবি, শনিবার রাতে ডিবি পুলিশের একটি দল তাদের শহরের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই জনরোষ এড়াতে দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন এই প্রভাবশালী নেতা। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
যশোরের অন্যতম প্রভাবশালী এই নেতার আটকের খবর ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।




Comments