দক্ষিণ কোরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাহমুদ হাসান (২৪) নামে এক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশটিতে পাড়ি জমানো এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত মাহমুদ নরসিংদী সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় শনিবার (১৬ মে) দিবাগত রাতে কাজ থেকে নিজের গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন মাহমুদ। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাস স্টপেজে সজোরে ধাক্কা লাগে। অতিরিক্ত গতির কারণে সংঘর্ষের পরপরই গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাহমুদের মৃত্যু হয়।
মাহমুদ হাসান দক্ষিণ কোরিয়ার ডেজিন বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিভাগে ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে কোরিয়ায় যান। মাত্র কিছুদিন আগেই তিনি দেশটির ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন বলে জানা গেছে।
মাহমুদের সহপাঠী নাদিম নূর গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমরা একসঙ্গে দক্ষিণ কোরিয়ায় এসেছিলাম। ও আমার খুব কাছের বন্ধু ছিল। ওর এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন এবং প্রবাসে যারা গাড়ি চালান, তারা দয়া করে সতর্ক থাকবেন।’
বর্তমানে মাহমুদের মরদেহ দেশটির একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments