যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বঙ্গভবনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তিনি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করান। ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ সরকারের পদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের নিয়মিত ফলোআপ ও পরামর্শ অনুযায়ী তিনি এবারের লন্ডন সফর করেন। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments