Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. শাহীন আলম (১৫) নামে এক কিশোর পথচারী নিহত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের বিএসআরএম গেট ইউটার্ন এলাকার চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলম উপজেলার জোরারগঞ্জ থানাধীন পূর্ব রায়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শাহীন মহাসড়ক পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় শাহীনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশের একটি টিম কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই সে মারা যায়। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর