Image description

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ দেশী বিদেশি ও দেশীয় ব্রান্ডের বিভিন্ন সিগারেট ও বিড়ি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। 

সোমবার(১৮ মে) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপোতে এই সিগারেট ও বিড়ি ধ্বংস করা হয়। কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মো: শাকিল খন্দকারের নেতৃত্বে এসময় প্রায় দেড় লক্ষ টাকার তামাক জাতীয় পণ্য ধ্বংস করা হয়। 

জানা যায়, ধামরাই উপজেলার বিভিন্ন বাজার ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর বাজার থেকে মন্ড, ওরিস, এক্সএসও,, পেট্রন, এলিগেন্স, টাইম, পূর্বাণী, মেসি নাম দেশী বিদেশী ব্রান্ডের ৫৬ হাজার ৮৬০ টাকার সিগারেট ও দেশীয় বিভিন্ন ব্রান্ডের ৮৪ হাজার ৮২০ টাকার বিড়ি  উদ্ধার করে ধ্বংস করা হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ব্যবহার অনুপযোগী ও অবৈধ তামাক পণ্য রাষ্ট্রের অনুকূলে এনে বাজেয়াপ্ত করে ধ্বংসের সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় ধামরাই উপজেলার কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপোতে এনে রোলার দিয়ে ধ্বংসযোগ্য বিড়ি, সিগারেট পিষিয়ে ব্যবহার অনুপযোগী করে সঠিক প্রক্রিয়া ও স্বাস্থ্যবিধি মেনে ১০-১৫ ফুট মাটি গর্ত করে এসব তামাক পণ্য মাটি চাপা দেয়া হয়।

তামাক পণ্য ধ্বংসের সময় কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মো: শাকিল খন্দকার বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসব পণ্য আটক করে থাকি। গুনগত মান যথাযথ থাকে কিন্তু সরকারকে রাজস্ব দেয় নি বা বিভিন্ন বিদেশী সিগারেট যেটা চোরাচালান মাধ্যমে আটক করা হয়েছে, আমরা সেগুলো আটক করে ধ্বংস করে থাকি। আমাদের এই অভিযান চলমান থাকবে। 

এ সময় তামাক জাতীয় পণ্য ধ্বংসের সময় আরো উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইস ও ভ্যাট বিভাগ ধামরাই এর ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা: জেসমিন আক্তার, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: মাহবুব - উল- আলম, ধামরাই থানার ওসি (তদন্ত) মো: শহিদুল ইসলাম, ধামরাই পৌর নির্বাহী অফিসার মো: গোলাম নবী ও ধামরাই ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।