Image description

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অপর এক পূর্বাভাসে বলা হয়েছে—ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামীকাল শুক্রবারের (২২ মে) পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কতা বজায় রাখা হয়েছে।

টানা কয়েকদিনের দাবদাহের পর এই ঝড়-বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও কালবৈশাখীর সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

মানবকণ্ঠ/আরআই