Image description

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রেলযাত্রীরা। ঘরমুখো মানুষের স্বস্তিদায়ক ফেরার যাত্রা নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে’র আন্তঃনগর ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। টিকিট কালোবাজারি রোধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে (রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপ) পাওয়া যাচ্ছে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ফিরতি যাত্রার ১ জুনের টিকিট বিক্রি হবে আগামীকাল ২২ মে। একইভাবে ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী একটি আইডি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে একাধিক টিকিট কেনার ক্ষেত্রে অবশ্যই সহযাত্রীদের নাম ও তথ্য টিকিটে উল্লেখ করতে হবে। ঈদের এই অগ্রিম টিকিটগুলো কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।

ফিরতি যাত্রার চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন চলাচলের ওপর গুরুত্ব দিচ্ছে। যাত্রীদের টিকিট সংগ্রহের জন্য রেলওয়ের অফিসিয়াল অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই