জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নিতে শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম ময়মনসিংহ সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ পুরো জেলাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৯টায় তিনি সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রী তাঁর সফরের শুরুতে দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘ধরার খাল’ বা বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোয় স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই জাতীয় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন।
বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
২০০৬ সালের পর এবারই প্রথম জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এই আয়োজনকে ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। নজরুল একাডেমি মাঠে বসেছে বিশাল গ্রামীণ মেলা ও বইমেলা, যেখানে ইতোমধ্যে পাঁচ শতাধিক স্টল বসানো হয়েছে। পুরো পৌর শহর ও আশপাশের এলাকায় আলোকসজ্জা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো জেলায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও জাকির হোসেন এবং বিএনপি নেতৃবৃন্দ এই সফরের সার্বিক তদারকি করছেন। মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে ত্রিশাল তথা ময়মনসিংহের উন্নয়নে নতুন নতুন ঘোষণা আসবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments