দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই মরণব্যাধিতে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ১১ শিশুর প্রাণহানি ঘটে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৫ জনের এবং হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯ জনে। এছাড়া একই সময়ে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০ জনে পৌঁছেছে।
হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ জন। বর্তমানে অনেক শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments