Image description

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পবিত্র ঈদুল আজহার দিনসহ আগামী পাঁচদিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চার বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আগামী বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও কিছুক্ষণ অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির বিস্তার বাড়বে এবং বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৮ মে) অর্থাৎ ঈদের দিন এবং পরবর্তী শুক্রবারও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির দাপট থাকতে পারে। এতে করে কোরবানির ঈদের আনন্দ কিছুটা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মানবকণ্ঠ/আরআই