Image description

রাজধানীর মিরপুরের পল্লবীতে অবস্থিত কালশী বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পর্যায়ক্রমে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডস্থলে তীব্র পানির সংকট দেখা দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

সংবাদ পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৭টা ৩২ মিনিটে প্রথম উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রাথমিকভাবে পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট যুক্ত হয়ে মোট ৭টি ইউনিট নেভানোর কাজে অংশ নেয়। 

ফায়ার সার্ভিস সূত্রে সর্বশেষ জানা গেছে, আগুনের ভয়াবহতা বিবেচনায় আরও ৫টি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। 

বর্তমানে মোট ১৩টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, কালশী বস্তি এলাকায় আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় পানির তীব্র সংকট রয়েছে। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের সাথে বালতি ও বিভিন্ন উপায়ে পানি জোগাড় করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বস্তির ঘিঞ্জি পরিবেশ এবং দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।