Image description

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখা এবং পরে সেই নামের বানান ভুল লেখার ঘটনায় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে চিড়িয়াখানা থেকে সরিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-৪ শাখা থেকে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ’ পদে পদায়ন করা হয়েছে।

একই আদেশে, প্রাণিসম্পদ অধিদপ্তরের ওই রিজার্ভ পদে কর্মরত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সমমান) ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, একটি সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন বিদেশি রাষ্ট্রপ্রধানের নামে মহিষের নামকরণ করা এবং সেই নাম জনসমক্ষে ভুলভাবে উপস্থাপিত হওয়াকে প্রশাসনিকভাবে অত্যন্ত বিব্রতকর হিসেবে দেখা হয়েছে। বিষয়টি সরকারের উচ্চমহলের নজরে আসার পর দ্রুততম সময়ের মধ্যে কিউরেটরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও সরকারি আদেশে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছে, তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামকরণের বিতর্কই এই শাস্তিমূলক বদলির মূল কারণ।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় একটি বিরল প্রজাতির সাদা মহিষের নামকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে শেষ পর্যন্ত কিউরেটর পদে রদবদল করল সরকার।