রাজধানী ঢাকাসহ দেশের ৩৪ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে অসহ্য গরমের মধ্যেই দেশের কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ জুন) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এর প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী বিভাগের ৮টি, রংপুর বিভাগের ৮টি এবং খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বৃষ্টির বিষয়ে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ভ্যাপসা গরমে জনজীবন যখন হাঁসফাঁস করছে, তখন চট্টগ্রাম ও সিলেটের বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।#Heatwave
মানবকণ্ঠ/আরআই




Comments