বিদেশে কর্মী পাঠানোর কাজে সিন্ডিকেটমুক্ত না করতে পারলে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘সিন্ডিকেটমুক্ত করা আমার চ্যালেঞ্জ। এটা যদি না করতে পারি, চলে যাব।’
আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। ২০১৮ এবং ২০২২ সালে সই করা সমঝোতায় স্মারকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩১ মে বন্ধ হওয়া দেশটির শ্রমবাজার এখনও বাংলাদেশি কর্মীদের জন্য খোলেনি।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রথম দিন থেকে বলে আসছি, যদি এখানে মন্ত্রী থাকি, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। জিরো টলারেন্স।’
চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সরকারপ্রধানের সফরে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত কোনো সমঝোতা স্মারক হচ্ছে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কোনো খবর নেই।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রবাসীদের জন্য কার্ড চালুর পরিকল্পনা জানান আরিফুল হক। তিনি বলেছেন, প্রবাসী কার্ড হলে আর বিএমইটি কার্ড থাকবে না। এক কার্ড দিয়ে প্রবাসীরা সব সুবিধা পাবেন- এই লক্ষ্যে কাজ চলছে।
উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশিকে যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিন রিক্রুটিং এজেন্সি আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেডের (আরএল-১৭৫৫) লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
আরিফুল হক চৌধুরী জানান, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে প্রেরণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।
মন্ত্রী আরও জানান যে, রাশিয়া থেকে ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মস্কোর বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রবাসীরা এই অভিযোগ সেলে তাদের অভিযোগ জমা দিতে পারবেন। হোয়াটসঅ্যাপেও তাদের অভিযোগ গ্রহণ করা হহবে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নুরুল হক, সচিব মোখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments