Image description

দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৪৯২টি উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে এখন থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, কেবল শয্যা সংখ্যা বাড়ানোই নয়, এসব হাসপাতালে উন্নত ও বিশেষায়িত আইসিইউ (ICU) সুবিধা নিশ্চিত করা হবে। এর ফলে উপজেলা পর্যায়ের রোগীরা জটিল চিকিৎসার জন্য বাড়ির কাছেই আধুনিক সুবিধা পাবেন, যা বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে সাহায্য করবে।

মন্ত্রী আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আজ থেকেই গণপূর্ত বিভাগ এই রূপান্তর প্রক্রিয়ার কাজ শুরু করেছে। প্রতিটি উপজেলায় যেন মানসম্মত চিকিৎসা নিশ্চিত হয়, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

উপজেলা পর্যায়ের উন্নয়নের পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসার পরিধি বাড়াতে আরও বড় পদক্ষেপের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীদের জন্য ৫টি এবং শিশুদের জন্য পৃথক ৫টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


মানবকণ্ঠ/আরআই