Image description

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করতে প্রতিরক্ষা শিল্প ও দ্বিপক্ষীয় বাণিজ্যে বিশেষ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 

শুক্রবার (৫ জুন) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

হাকান ফিদান বলেন, "আমরা আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১.৩ বিলিয়ন থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে আমাদের সহযোগিতার বিকাশের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।"

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবদানের প্রশংসা করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, "১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক ঐতিহাসিক উদাহরণ সৃষ্টি করেছে। আমরা তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখব।"

অন্যদিকে, গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "নেতানিয়াহু সরকার দ্বি-রাষ্ট্রীয় সমাধান ঠেকাতে পুরো অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে।"

সফরকালে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে ‘সাংস্কৃতিক সম্পদ রক্ষায় সহযোগিতা’ বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন হাকান ফিদান। এছাড়া তিনি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবং হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন।