Image description

কোনো বাসা বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, সচেতনতা বাড়ানোর পরও অবহেলা দেখা গেলে ভ্রাম্যমাণ আদালত কঠোর ব্যবস্থা নেবে। যেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই জরিমানা করা হবে।

শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ি, ছাদ, বারান্দা, ফুলের টব ও আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। কারণ জমে থাকা পানিতেই এডিস মশা জন্মায়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে মাইকিংসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও পানি জমতে না দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ডিএসসিসি প্রশাসক জানান, ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় ৭ জুন থেকে এক সপ্তাহের বিশেষ অভিযান চালানো হবে।

অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে একটি র‍্যালি বের করা হয়।