Image description

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলায় মাত্র ১৬ দিনের মাথায় রায় আসায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।

রবিবার (৭ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে রামিসা হত্যা মামলার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা পেশাদারিত্বের সাথে অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করেছে, যার ফলে এই আলোচিত মামলাটি আদালতে প্রমাণ করা কঠিন ছিল না। আমরা এভাবেই জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন ও দ্রুত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।"

মন্ত্রী আরও উল্লেখ করেন, কেবল এই মামলাটিই নয়, সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় পুলিশ সদস্যরা কার্যকর ভূমিকা রেখেছেন। তাঁদের এই কর্মস্পৃহা বজায় রাখতে এবং মনোবল বাড়াতে সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কঠোর ধারা অনুযায়ী প্রধান আসামি সোহেল রানা এবং তাঁর স্ত্রী স্বপ্না আক্তার—উভয়কেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রধান আসামিকে ৫ লাখ এবং সহযোগিতাকারী স্ত্রীকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা আইন অনুযায়ী ভুক্তভোগী শিশুটির পরিবারকে প্রদান করা হবে।

মানবকন্ঠ/আরআই