দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (৭ জুন) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে চারজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে মোট ৭৯ হাজার ১২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২২১ জনের মধ্যে নতুন উপসর্গ দেখা গেছে।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬৪ হাজার ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে দ্রুত টিকা গ্রহণ, শিশুদের আলাদা নজরদারি এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি।




Comments