Image description

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া বিচ্ছিন্ন বৃষ্টিপাতে তীব্র গরমের দাপট কিছুটা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এদিকে, রোববার (৭ জুন) রাতের মধ্যেই দেশের ১৮টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রোববার রাত ১টার মধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে। এর প্রভাবে সোমবার (৮ জুন) থেকে শুক্রবার (১২ জুন) পর্যন্ত ঢাকাসহ দেশের সবকটি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে— ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে, ৯৪ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮৩ মিলিমিটার ও কক্সবাজারে ৬২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই