পুলিশ বাহিনীকে আরও গতিশীল এবং জনবান্ধব করতে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ১৫ জন পুলিশ সদস্যকে বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ বাহিনী কতটুকু পরিশ্রম করছে, তার স্বীকৃতি দিতেই আজকের এই আয়োজন। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি 'বুস্ট আপ' করতে চাই, যাতে তারা উৎসাহিত হয়ে ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পায়।"
তিনটি বিশেষ সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপের জন্য মোট ১৫ জন সদস্যকে এই সম্মাননা দেওয়া হয়:
১. রামিসা হত্যাকাণ্ড: এই মামলার রহস্য উদঘাটন ও দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করা হয়।
২. দৌলতদিয়া নৌ-পুলিশের ভূমিকা: দৌলতদিয়ায় যাত্রীদের প্রাণ বাঁচাতে অসাধারণ ও সাহসী ভূমিকা পালনের জন্য তিনজনকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।
৩. মুন্সিগঞ্জের গণধর্ষণ মামলা: মুন্সিগঞ্জে গণধর্ষণের ঘটনায় চার আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্যকে সম্মাননা জানানো হয়।
সম্মাননা হিসেবে প্রত্যেক সদস্যকে ২০ হাজার টাকা এবং একটি করে প্রশংসাপত্র বা সনদ দেওয়া হয়েছে। এছাড়া কাজের গুরুত্ব বিবেচনায় কয়েকজন সদস্যকে পুলিশের বিশেষ ব্যাজও পরিয়ে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভালো কাজের এই স্বীকৃতি নিয়মিত দেওয়ার চেষ্টা করা হবে, যাতে পুলিশ বাহিনী জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।
মানবকন্ঠ/আরআই




Comments