Image description

বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং তনয় শাস্ত্রীর চলমান আইনি বিরোধের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন অভিনেত্রী।

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে বনগাঁর একটি অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার জেরে মিমির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তনয় শাস্ত্রী। পরে আদালতের নির্দেশে কিছুদিন জেল হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। এরপর মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তনয়।

তনয়ের দাবি, মামলার শুনানির জন্য আদালত একাধিকবার দিন নির্ধারণ করলেও মিমি ব্যক্তিগতভাবে আদালতে হাজির হননি। এ পরিস্থিতিতে তনয়ের আইনজীবী ও বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানিয়েছেন।

এদিকে পুরো বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মিমি। তিনি অভিযোগ করেন, তাকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে এমন কিছু তথ্য প্রচার করা হচ্ছে, যার অনেকটাই যাচাই-বাছাই ছাড়া প্রকাশ করা হচ্ছে।

অভিনেত্রী সতর্ক করে বলেন, তার সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। একই সঙ্গে কোনো তথ্য প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই করার আহ্বানও জানান তিনি।

মিমির এই বার্তার পর নতুন করে আলোচনায় এসেছে তনয় শাস্ত্রীর সঙ্গে তার চলমান আইনি লড়াই। মানহানি মামলা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ-দুই পক্ষের অবস্থানকে ঘিরে বিষয়টি এখন টলিউড অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

এখন সংশ্লিষ্টদের নজর মামলার পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকে। আইনি এই বিরোধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার অপেক্ষা।