সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 'আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬' উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত বীর শান্তিরক্ষীদের শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ও অগ্রগতি নিয়ে সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের এগিয়ে নিতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অনন্য পেশাদারিত্বের পরিচয় দিয়ে যাচ্ছেন। আমাদের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ বৈশ্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, "বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি প্রতিষ্ঠিত ও বিশ্বস্ত নাম। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৪ হাজারেরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত আছেন। তারা অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালন করছেন।"
সেনাপ্রধান তাঁর বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী বীর জওয়ান ও পুলিশ সদস্যদের অবদান স্মরণ করেন। তিনি জানান, বিশ্বশান্তি প্রতিষ্ঠার এই মহান ব্রত পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর ১৭৫ জন সদস্য শহীদ হয়েছেন। এছাড়া দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে আহত হয়েছেন আরও ২৮৭ জন সদস্য।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিরক্ষা মিশনে শহীদ হওয়া বীর সদস্যদের পরিবারের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় শান্তিরক্ষীদের ধন্যবাদ জানান।
মানবকন্ঠ/আরআই




Comments