Image description

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা ও সুশৃঙ্খলতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বুধবার (১০ জুন) সকালে সৌদি আরবের রিয়াদে ‘দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে’ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ২০২৬ সালের হজের সার্বিক ব্যবস্থাপনায় সাফল্যের জন্য বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন এবং ধর্মমন্ত্রীকে তাঁর আন্তরিক নেতৃত্বের জন্য অভিনন্দন জানান। এ সময় তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সৌদি মন্ত্রী বলেন, বাংলাদেশের হজ ব্যবস্থাপনা বর্তমানে অত্যন্ত আধুনিক ও সুশৃঙ্খল। আগামীতে বিশ্বের অন্যান্য দেশের হজ ব্যবস্থাপনার মান উন্নয়নে বাংলাদেশের এই অভিজ্ঞতা ও সহায়তা কামনা করেন তিনি। এছাড়া বৈঠকে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার উন্নয়নে সৌদি সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান। তিনি এবারের হজে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তির আধুনিক ব্যবহার এবং উন্নত ‘মাশায়েরে হাজী’ সেবা প্রদানের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বিশেষভাবে ধন্যবাদ দেন। মন্ত্রী আশ্বস্ত করেন যে, আল্লাহর মেহমানদের সেবায় এবং হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশ সবসময় সৌদি সরকারের পাশে থাকবে।

দ্বিপক্ষীয় এই বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর