তারেক রহমানের প্রথম বাজেটকে ‘প্রযুক্তিনির্ভর ও মানবিক’ আখ্যা দিয়ে জার্মানি বিএনপির স্বাগত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ঘোষিত প্রথম বাজেটকে জনকল্যাণমুখী, প্রযুক্তিনির্ভর এবং আত্মনির্ভরশীল ও মানবিক বাংলাদেশের রূপরেখা হিসেবে আখ্যায়িত করে স্বাগত জানিয়েছে বিএনপি জার্মানি শাখা। দলটির নেতারা মনে করছেন, এই বাজেট প্রমাণ করেছে যে সরকার প্রধান হিসেবে তারেক রহমান দেশ ও প্রবাসীদের এক অকৃত্রিম ‘দেশবন্ধু’।
শুক্রবার (১২ জুন) জার্মানির মানহাইমে এক সভায় বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন বিএনপির জার্মানি শাখার সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম।
দেওয়ান শফিকুল ইসলাম বলেন, “দেশবন্ধু তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত এই বাজেট কেবল একটি গতানুগতিক আর্থিক পরিকল্পনা নয়; এটি একটি আধুনিক, উন্নত ও মেধাসম্পন্ন বাংলাদেশ গঠনের সুস্পষ্ট অঙ্গীকার। এই বাজেটের মাধ্যমে তরুণ সমাজকে কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী বা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পথ প্রশস্ত করা হয়েছে।”
প্রস্তাবিত বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, স্টার্টআপ সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (SME) প্রণোদনা এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টির প্রশংসা করেন তিনি। তার মতে, এর ফলে দেশের মেধাবী তরুণরা নতুন নতুন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে জাতীয় অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।
বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির এই সদস্য আরও বলেন, “ভবিষ্যতের বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য এই বাজেটে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং গবেষণায় বরাদ্দ বৃদ্ধি একটি সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ।”
জাতীয় উন্নয়নের এই যাত্রায় দেশের প্রতিটি নাগরিককে অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ঐক্য, উদ্ভাবন এবং সুশাসনের মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে সক্ষম হব, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি মর্যাদাপূর্ণ এবং অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments