আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা খাতে মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও এ খাতে আলাদা করে অতিরিক্ত কোনো বড় বরাদ্দ দেখানো হয়নি।
বরাদ্দের মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং ভাতার জন্য ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি অর্থবছরে এই খাতে মূল বাজেটে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো আংশিকভাবে-সম্ভবত মূল বেতনের একটি অংশ-বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে পে কমিশনের দেওয়া পূর্ণাঙ্গ সুপারিশ সরকার পুরোপুরি গ্রহণ করছে না।
এ বিষয়ে একটি সচিব কমিটি গঠন করা হয়েছে, যারা প্রস্তাবিত বেতন কাঠামো পর্যালোচনা করে সংশোধিত সুপারিশ দেবে। তবে এখনো সেই কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি।
কর্মকর্তারা আরও জানান, প্রস্তাবিত বেতন কাঠামোতে বেতন বৃদ্ধির হার কমিয়ে আনা হতে পারে। তবে বাজেটে আলাদা বড় চাপ তৈরি হবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ প্রয়োজন হলে থোক বরাদ্দ ও অপ্রত্যাশিত খাতের অর্থ থেকে ব্যয় সামলানো হবে।
এ জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে, যেখান থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের অর্থ সমন্বয় করা হতে পারে।




Comments