Image description

খুলনার কয়রায় আম খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নারী হলেন লতিকা সানা (৫৫)। তিনি উপজেলার মঠবাড়ি গ্রামের বিবেকানন্দ সানার স্ত্রী। বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় বাজার থেকে কেনা আম খাওয়ার পর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে পেটব্যথা, দুর্বলতা ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। বুধবার বিকেলে অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য নিতিশ সানা জানান, আম খাওয়ার পর সবাই রাতেই স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়লেও ভোর থেকে পেটব্যথা ও ডায়রিয়ার সমস্যা শুরু হয়।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুজিত কুমার বৈদ্য জানান, হাসপাতালে আনার পর একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণেই এই ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিষয়টি তদন্তের দাবি উঠেছে।