পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হজ বুলিটিনের তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান জানানো হয়েছে।
বুলিটিনে জানানো হয়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪৮ হাজার ২০২ জন। হাজিদের বহন করতে এখন পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
এয়ারলাইন্স ভিত্তিক যাত্রী পরিবহনের তথ্যে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২১ হাজার ৯২০ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৮০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ৩ হাজার ৩১১ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
এদিকে, হজের আনুষ্ঠানিকতা চলাকালীন ও পরবর্তী সময়ে এখন পর্যন্ত সৌদিতে ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। অন্যদিকে, সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন স্বাস্থ্যজনিত কারণে চিকিৎসা সেবা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন হজযাত্রী।
উল্লেখ্য, চলতি বছর হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments