Image description

দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান করা হয়েছে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ।

তালিকায় থাকা অন্য নিয়োগপ্রাপ্তরা হলেন—সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসব নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং প্রাথমিক মেয়াদ হবে এক বছর। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। অন্যান্য সুযোগ-সুবিধা চুক্তিনামা অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মানবকণ্ঠ/ডিআর