জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস-তেল অনুসন্ধান জোরদারে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নিজস্ব রিগ দিয়ে ৬৯টি নতুন কূপ খনন এবং ৩১টি পুরোনো কূপের ওয়ার্কওভার সম্পন্নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এই রূপরেখা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় মন্ত্রী জানান, বাপেক্সের সক্ষমতা বাড়াতে ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত ২৭০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ, ৭০০ লাইন কিলোমিটার টু-ডি (২-ডি) এবং ৭০০ বর্গকিলোমিটার থ্রি-ডি (৩-ডি) সাইসমিক জরিপ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাপেক্সের জন্য আরও দুটি নতুন আধুনিক অনুসন্ধান রিগ কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘সমুদ্রাঞ্চলে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে নতুন করে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড’ ঘোষণা করা হয়েছে। বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মডেল প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি) সংশোধন করা হয়েছে। বর্তমানে অগভীর সমুদ্রে ৯টি এবং গভীর সমুদ্রে ১৫টি ব্লক আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।’
প্রথাগত জ্বালানি সম্পদের পাশাপাশি সরকার ‘ক্রিটিক্যাল মিনারেল এক্সপ্লোরেশন’ উদ্যোগের মাধ্যমে আনকনভেনশনাল হাইড্রোকার্বন অনুসন্ধানেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments