ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে বাংলাদেশে এসেছেন দেশটির প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদী। শুক্রবার (১২ জুন) দুপুরে সস্ত্রীক পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দেন এই প্রবীণ নেতা।
প্রতিবেশী দুই দেশের ঐক্যের ওপর জোর দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি ও বাংলাদেশের ২০ কোটি জনসংখ্যা মিলে ১৬০ কোটির এক বিশাল শক্তিতে পরিণত হতে পারে। দুই গণতান্ত্রিক দেশের এই শক্তি একত্রিত হলে তা আন্তর্জাতিক অঙ্গনে একটি বৃহৎ বিশ্বশক্তিতে রূপান্তরিত হবে। ১৬০ কোটি মানুষের মঙ্গলের স্বার্থে একযোগে কাজ করার কথা জানিয়ে তিনি বাংলাদেশের মানুষের আশীর্বাদ কামনা করেন।
নতুন দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে খুব শিগগিরই ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার বিষয়েও আশা প্রকাশ করেন তিনি। বেনাপোলে আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
উল্লেখ্য, প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হিসেবে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে গত এপ্রিলে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেয় ভারত সরকার। সাধারণত এই পদে পেশাদার কূটনীতিকদের দেখা গেলেও এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন কাউকে বেছে নেওয়া হয়েছে। ভারতের সাবেক এই রেলমন্ত্রী গুজরাটি পরিবারের সন্তান হলেও বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর তার গভীর দখল রয়েছে। তৃণমূল কংগ্রেসের একসময়ের প্রভাবশালী এই নেতা ২০২১ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments